1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জের জীবনযাত্রা... - মুক্তকথা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

কমলগঞ্জের জীবনযাত্রা…

প্রনীত দেবনাথ
  • প্রকাশকাল : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৩ পড়া হয়েছে

কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকট;
দুর্ভোগে ক্রেতারা।


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে পড়েছেন ক্রেতারা। ডিপো থেকে খুচরা দোকানে তেল বিক্রি না করায় এই সংকট দেখা দিয়েছে বলে বিক্রেতাদের অভিযোগ রয়েছে। গত দু’দিন ধরে ভানুগাছ, শমশেরনগর ও আদমপুর বাজারের খুচরা দোকান ঘুরেও পেট্রোল, অকটেন পাওয়া যাচ্ছে না। দু’একটি দোকানে অল্প পরিমাণে তেল পাওয়ার সংবাদে ভিড় করছেন মোটরবাইকররা।

উপজেলার জ্বালানি তেলের খুচরা দোকান মালিকরা জানান, শ্রীমঙ্গল ডিপো থেকে আমরা সবসময় জ্বালানি তেল ক্রয় করে নিয়ে আসি। তবে গত কয়েকদিন যাবত ডিপো শুধুমাত্র পাম্পে তেল বিক্রি করছে। খুচরা বিক্রেতাদের কাছে কোন তেল বিক্রি না করায় বিক্রি করার মতো দোকান সমুহে কোন পেট্রোল, অকটেন ও ডিজেল নেই। তবে দু’একটি দোকানে পরিমাণে তেল থাকলেও অতিরিক্ত ক্রেতাদের ভিড় সামাল দেয়া সম্ভব হচ্ছে না। ফলে তেলের সংকট দেখা দিয়েছে।

শমশেরনগর বাজারের খুচরা দোকানী সজল কুর্মী বলেন, শ্রীমঙ্গল মেঘনা ডিপো থেকে আমরা খুচরা দোকানে তেল বিক্রি করছে না। তারা শুধু পাম্পে তেল বিক্রি করছেন। অথচ শমশেরনগর, ভানুগাছে কোন তেলের পাম্প নেই। ফলে গত দু’দিন ধরে কোন তেল বিক্রি করতে পারছি না। কৃষিতে সেচ দিতে ও মোটরবাইক চালকরা তেলের জন্য এসে প্রচুর ভিড় এবং আমাদের সাথে বাকবিতন্ডা করছেন।

এব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, খুচরা দোকানগুলোতে তেল বিক্রির জন্য প্রশাসনের পক্ষ থেকে ডিপোতে কথা বলে তেল বিক্রির ব্যবস্থা করা হবে। ফলে তেলের এই সংকট আর থাকবে না।


কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ
বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি
প্রতিবাদে সংবাদ সম্মেলন


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের পাহাড়ি সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে ট্রাকযোগে বিক্রির আপত্তি জানানোয় প্রতিপক্ষ মিথ্যা মামলা ও হামলা করার হুমকি প্রদান করছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৫টায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগর অফিসে সংবাদ সম্মেলনে ভূক্তভোগীরা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চিতলিয়া গ্রামের আব্দুল্লাহ মিয়া বলেন, সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে কমলগঞ্জ পৌরসভার করিমপুর গ্রামের জাতীয়তাবাদী যুবদল নামধারী জিলন আহমেদ (৩০) সিলিকা বালু বাণিজ্য চালিয়ে আসছেন। তার নিজের ডায়না ট্রাকযোগে অবৈধ বালু বাণিজ্যের কারনে এলাকার রাস্তাঘাট ও ব্রিজ বিনষ্ট হচ্ছে। এ বিষয়টি এলাকার নেতাকর্মীরা কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীকে অবহিত করেন। পরে এমপি অবৈধ বালুবাহী ট্রাক আটক করে ইউএনওকে জানানোর জন্য পরামর্শ দেন। এমপি’র এমন নির্দেশনার খবর পাওয়ার পর জিলন আহমেদ গত ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে তার বালু বাহী ট্রাক লুটপাটের একটি মিথ্যা নাটক সাজিয়ে কমলগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সুনছড়া থেকে জিলন আহমেদ বিগত আওয়ামীলীগ সরকারের সময়েও সিলিকা বালু বাণিজ্য চালিয়ে আসে। এখন সরকার পরিবর্তনের পর যুবদলের নামধারী সেজে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ সিলিকা বালু বাণিজ্য চালিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এবিষয়ে আমরা বার বার উপজেলা প্রশাসনকেও অবহিত করেছি। তারপরও জিলন আহমদের বালু বাণিজ্য থেমে নেই। ফলে পাহাড়ি টিলা, ছড়ার বাঁধ, মঙ্গলপুর রাস্তার ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এবিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিতলীয়া গ্রামের শামসুদ্দীন আহমদ, রাবেজ মিয়া, আনফর মিয়া ও আব্দুল্লাহ মিয়া।

অভিযোগ বিষয়ে জিলন আহমেদ বলেন, আমি বালু ব্যবসার সাথে জড়িত নই। আমার ইট বোঝাই ট্রাক লুটপাটের কারণে আমি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমার বিরুদ্ধে প্রতিপক্ষের লোকজন মিথ্যা অভিযোগ দিয়েছে।

এ ব্যাপারে জানতে চেয়ে কমলগঞ্জ থানার ওসি মো. আব্দুল আউয়ালের মোবাইলে কয়েক দফা ফোন করেও তাকে পাওয়া যায়নি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ এইমাত্র শুনলাম। তবে এর আগেও সুনছড়া থেকে রাতে সিলিকা বালু পাচারের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


মেহেদী উৎসবে এমপি মুজিবের ঈদ পোশাক বিতরণ।


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) নিজ বাসভবনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক বিতরণ করেন। পরে তাদেরকে নিয়ে হয় মেহেদী উৎসব। শুক্রবার (২০ মার্চ) সকালে কমলগঞ্জের খুশালপুর গ্রামে এ আয়োজন হয়।

শিশুদের শুধু নতুন পোশাকই উপহার দেওয়া হয়নি, বরং এমপির পরিবারের নারীরা পরম মমতায় নিজ হাতে শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেন। অনুষ্ঠানটি কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে রূপ নেয় সুধী সমাবেশে।

শিশুদের এই আনন্দঘন মূহুর্তে সংহতি জানাতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল, জেলা বিএনপি র সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন প্রমুখ

অনুষ্ঠানে সংসদ সদস্য হাজী মুজিব বলেন, ‘সমাজের অবহেলিত এই শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।’


ঈদুল ফিতর উপলক্ষে

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত

৩০০ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সিবাড়ির উদ্যোগে বুধবার (১৮ মার্চ) দুপুরে সুবিধাবঞ্চিত ৩০০ মুসলিম নারী-পুরুষের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়। “দারিদ্রমুক্ত একটি সু-শৃংখল সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য” এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় কুঞ্জবনে এসব বস্ত্র বিতরণ করা হয়।

সুহাস-সমর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির জমিদার সুনিলময় কুমার দাশ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিকা দাস চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক পৌর কাউন্সিলরর স্বাগত কিশোর দাশ চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট স্বর্ণকান্তি দাস চৌধুরী। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব এবং এ ধরনের উদ্যোগ দারিদ্রমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT