– মৌলভীবাজারে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দূর্ণীতিমুক্ত ইনসাফ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে ১১ দলীয় জোটকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করা হলেও একাত্তরের পর নিজ দেশের মানুষ দেশ পরিচালনা করলেও লুটপাট ও দূর্নীতির কারণে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তারই কারণে জুলাইর গণঅভ্যূত্থানে তরুণদের তাজা প্রাণের বিনিময়ে দেশ পুনরায় পরিবর্তনের পথে চলছে। মঙ্গলবার রাত ১০টায় মৌলভীবাজার-৪ আসনের (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) কমলগঞ্জে ১১ দলের বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনিত প্রার্থী শেখ নুরে আলম হামিদীর পক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মামুনুল হক রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, এরই মধ্যে দেশের কয়েকটি রাজনৈতিক দল দেশকে আবারও পুরানো পথে পরিচালনা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশের বঞ্চিত ১৮ কোটি মানুষ অধিকার প্রতিষ্ঠা করতে আবারও রুখে দাঁড়াবে।
কমলগঞ্জ উপজেলার মাধবপুর সড়কের ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাওলানা নুরুল মোত্তাকীন জুনাইদ এর সভাপতিত্বে ও মাওলানা সামছুল ইসলাম ও শাহ মিছবাহ’র যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন-১১ দলের মনোনিত প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী, মৌলভীবাজার-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আহমদ বিলাল, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা নায়েবে আমীর কুরবান আলী কাসেমী, হাফেজ সাইফুর রহমান, বরুণার পীর মাওলানা শায়খ সাইদুর রহমান হামিদী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুল মতিন, মাওলানা ফারুক আহমেদ, মুফতি মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া প্রমূখ।
পরে রাত ১১টায় একই আসনের শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে শেখ নুরে আলম হামিদীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ঊক্তব্য দেন মাওলানা মামুনুল হক। এ সময় তিনি রিক্সা প্রতীকের প্রার্থী হামিদীসহ মৌলভীবাজার-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের এলাকাবাসীর সামনে পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ করেন।