1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এখন সময় মুখর হওয়ার নয়... - মুক্তকথা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

এখন সময় মুখর হওয়ার নয়…

হারুনূর রশীদ
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ পড়া হয়েছে

নতুন সরকারের লক্ষ্য ও জনআকাঙ্ক্ষা
একটি মানবিক ও স্বচ্ছ রাষ্ট্র গঠনের পথমানচিত্র
-হারুনূর রশীদ


বিমানবন্দর থেকে বেরিয়ে দেশের মাটিতে খালি পায়ে হাঁটলেন তারেক রহমান। যে মাটিতে তার পিতা ঘুমিয়ে, যে মাটিতে তার পিতা স্বাধীনতার পক্ষে থাকার ঘোষণা সগর্বে উচ্চারণ করেছিলেন, তার রক্তে মিশে আছে সে মাটির সুধা গন্ধ তিনি তা প্রমাণ করে দিলেন।

দেশের রাজনীতির মাঠে সৌহার্দের নতুন বার্তা!

সংসদে বিরোধী দল হতে যাওয়া জামাত ইসলামী এবং এনসিপি প্রধানের বাসায় গিয়ে সৌহার্দ্য বিনিময় করলেন তারেক রহমান। এসময় শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের সঙ্গে তার অভাবনীয় খুবই সৌহার্দপূর্ণ আলাপ হয়। নেতৃবৃন্দ সংসদে তাকে ইতিবাচক সহায়তার কথা দিলেন।
বাংলাদেশ এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে যে পরিবর্তনের প্রতিশ্রুতির কথা শোনা যাচ্ছে, তা সাধারণ মানুষের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। তবে একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামোগত চটকদার কিছু প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং এর ভিত্তি হতে হয় মানবিক মর্যাদা, স্বচ্ছতা এবং সুদৃঢ় কূটনীতি। একজন সচেতন নাগরীক হিসেবে বর্তমান সরকারের প্রতি আমাদের কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরছি:

♥. উন্নয়নের কেন্দ্রে থাকবে সাধারণ মানুষ

উন্নয়ন হতে হবে ‘মানুষের জন্য’, ‘কাগজে-কলমে’ নয়। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে যাতে তা কেবল সনদধারী বেকার তৈরি না করে দক্ষ জনশক্তি তৈরি করে। স্বাস্থ্য খাতকে সিন্ডিকেটমুক্ত করে প্রান্তিক মানুষের নাগালে নিয়ে আসা এখন সময়েরই দাবি। এটি আমরা সকলেই বুঝি যে, নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না।

♥. দুর্নীতির মূলে কুঠারাঘাত: সংস্কারের বিকল্প নেই

দুর্নীতি আমাদের অর্থনীতির রক্তক্ষরণ ঘটায়। কেবল ছোট দুর্নীতিবাজদের আটক না করে দুর্নীতির ‘সিস্টেম’ পরিবর্তন করতে হবে। সরকারি দপ্তরের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দুর্নীতি দমন কমিশনকে(দুদক) প্রকৃত অর্থেই একটি স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তর করা প্রয়োজন, যাতে কোনো প্রভাবশালীর চাপের কাছে তাদের মাথা নত করতে না হয়। ডিজিটাল বাংলাদেশ কথাটির বাস্তবে রূপ দিয়ে প্রতিটি সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। দুর্নীতি সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিয়ের যৌতুক থেকে শুরু করে সরকারী স্কুলে ভর্তি, জমি কেনার দলিল নিবন্ধীকরণ, শিক্ষকের কাছে গিয়ে প্রাইভেট পড়া কিংবা রাস্তার পাশে বাজার বসিয়ে চাঁদা আদায় অনুরূপ সবকাজই এখন আর নীতি নৈতিকতার ধার ধারে না। যিনিই এলাকায় রাজনৈতিকভাবে বা গোষ্টীগতভাবে একটু শক্তিশালী তিনিই এসব করেন অবলিলায়। সাধারণ মানুষের চলাচল-সুযোগসুবিধা উপেক্ষা করে নীতিহীনভাবে এসব অন্যায্য কাজ করে যান কোন রাখ-ঢাকেরও প্রয়োজন মনে করেন না।

♥. দূরদর্শী কূটনীতি ও জাতীয় স্বার্থ রক্ষা

ভূ-রাজনীতির জটিল সমীকরণে বাংলাদেশ বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে। আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র বা চাপের মুখে নতিস্বীকার না করে আমাদের জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে। “সকলের সাথে বন্ধুত্ব”—এই নীতি বজায় রেখেও বড় শক্তিগুলোর সাথে আদান-প্রদানে কৌশলী হতে হবে। বিদেশের বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে সরকারকে শূন্য সহনশীলতা(জিরো টলারেন্স) নীতি গ্রহণ করার চেষ্টায় নিয়োজিত থাকতে হবে।

♥. স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতা: গণতন্ত্রের রক্ষাকবচ

একটি সুস্থ গণতন্ত্রের জন্য স্বাধীন সংবাদমাধ্যম অপরিহার্য। সরকারের ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকের কাজ, তা বিরোধিতা নয়। আমাদের প্রত্যাশা, সরকার এমন একটি পরিবেশ তৈরি করবে যেখানে নির্ভয়ে সত্য প্রকাশ করা যাবে। বিতর্কিত কালো আইনগুলো বাতিল করে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা গেলে তা সরকারের স্বচ্ছতা বৃদ্ধিতেই সহায়ক হবে।

♥. সবশেষে বলা ভাল

জনআকাঙ্ক্ষা পূরণে প্রথম বৈঠকেই মন্ত্রিসভাকে শক্ত বার্তা প্রধানমন্ত্রীর। প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার নির্দেশ। এমন নির্দেশ নিঃসন্দেহে সততা ও সফলতার সূচক এবং রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ। সরকার প্রধানের যে পরিকল্পনার কথা আমরা শুনছি, তার সফল বাস্তবায়নের জন্য আরো প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। একটি মানবিক, দুর্নীতিমুক্ত এবং সার্বভৌম বাংলাদেশ গড়ার এই আন্দোলনে আমাদের মানুষ ও সমাজ সবসময় গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত বলেই আমরা বিশ্বাস রাখি। এখন সময় মুখর হওয়ার নয়, বরং কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT