| কাটা গাছ উদ্ধার করলো বন বিভাগ। সড়কের পাশ থেকে দুর্বৃত্তরা এ ৯টি গাছ কেটে নিয়েছিলো |
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর শহরের ভানুগাছ রেলওয়ে স্টেশনের রেলক্রসিং সংলগ্ন সড়কের পাশ থেকে ৯টি আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ তারিখ) সন্ধ্যায় কেটে নেওয়া গাছের খণ্ডাংশ উদ্ধার করেছে বন বিভাগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন বিভাগ জানিয়েছে, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গভীর রাতে ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকার সড়কের পাশের সৌন্দর্য্য বর্ধনকারী গাছগুলো কেটে নেয় দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় খবর পাওয়া যায়, গাছগুলোর খণ্ডাংশ কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুমড়াকাপন গ্রামের নজব আলীর ছেলে মহসিন মিয়ার বাড়িতে রাখা আছে। এ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মহসিন মিয়া ও মহিউদ্দিনের বাড়ি থেকে প্রায় ২০ টুকরো গাছ উদ্ধার করা হয়। পরে সেগুলো বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
![]() |
স্থানীয়রা অভিযোগ করে জানান, এলাকায় প্রায়ই বনাঞ্চলের গাছ চুরি হলেও বন বিভাগ তেমন গুরুত্ব দেয় না। এখন রাস্তার পাশের গাছও কেটে নেওয়া হচ্ছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কমণগঞ্জ পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুমন আলী বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে গাছগুলো কেটে নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় বন বিভাগ উদ্ধার অভিযান চালালে আমি সহযোগিতা করি। ছোট-বড় মিলিয়ে প্রায় ২০ টুকরো গাছ উদ্ধার হয়েছে।
এ বিষয়ে কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আহাদুর রহমান বুলু বলেন, আমার নির্বাচনী এলাকায় রাস্তার পাশের ৯টি গাছ কেটে নেওয়া হয়েছে। বন বিভাগ গাছগুলো উদ্ধার করেছে। দ্রুত সময়ে দুবৃর্ত্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক(এসিএফ) প্রীতম বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকার পাশ থেকে প্রায় ৯টি গাছ কেটে নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে গাছগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সিবাড়ী সংলগ্ন শ্রী শ্রী মঙ্গলচন্ডী বাড়ির সেবায়েত আশিষ চক্রবর্তীর খড়ের গাঁদা দুস্কৃতিকারীরা রাতের আধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০ ঘটিকার সময় এ ঘটনাটি ঘটে। এ নাক্কারজনক ঘটনায় আতংক বিরাজ করছে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
![]() |
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী, রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার, কমলগঞ্জ থানার পুলিশের এসআই মিঠু রায়, ইউপি সদস্য জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রী শ্রী মঙ্গলচন্ডী বাড়ির সেবায়েত আশিষ চক্রবর্তী কান্নাজড়িত কন্ঠে জানান, আমি গরীব মানুষ। গত শনিবার রাতের আঁধারে দুষ্কুতিকারীরা আমার থড়ের গাঁদা পুড়িয়ে ক্ষতি করেছে। স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কে বা কারা এই কাজ করেছে তা জানা নেই। কারো সাথে আমার শত্রুতাও নেই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
আলাপকালে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মিঠু রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেছি এবং তদন্ত চলমান আছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন থানায় মামলা দায়ের হয় নাই।