1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৬ জন গ্রেফতার, দরিদ্রদের মাঝে চাল বিতরণ আর ঢাকায় "রূপসী শ্রীমঙ্গল” - মুক্তকথা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

৬ জন গ্রেফতার, দরিদ্রদের মাঝে চাল বিতরণ আর ঢাকায় “রূপসী শ্রীমঙ্গল”

কাওসার ইকবাল।
  • প্রকাশকাল : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৬ পড়া হয়েছে

 

পুলিশের অভিযানে
৬ মাদক কারবারি গ্রেফতার


‎‎মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৬ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশ মাদক উদ্ধার, চুরি ও ছিনতাই প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২১ মে ২০২৬ রাত ১১টা ৩৫ মিনিটে সাব-ইন্সপেক্টর মো. ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের ৪নং সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণ টুক এলাকায় মনসুর আহমেদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়।

‎আটককৃতরা হলো, মনসুর আহমেদ (৪০), ইসলাম মিয়া (৩৫), তমার দাস (৪০), ইয়াকুব আলী (৩৫), আশরাফুল হোসেন (৩২) ও মনির হোসেন (৫০)। তাদের সবার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায়।

‎এ সময় তাদের কাছ থেকে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ৫০০ টাকা। পাশাপাশি মাদক বিক্রির নগদ ২ লাখ ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও নগদ অর্থ জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


সাউথ লন্ডন ফাউন্ডেশনের উদ্যোগে
হত দরিদ্রদের মাঝে চাল বিতরণ


‎পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লন্ডনভিত্তিক চ্যারিটি সংগঠন সাউথ লন্ডন ফাউন্ডেশন-এর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের রূপসপুর এলাকার শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

‎শুক্রবার (২২ মে) বিকেলে স্থানীয় মাতৃছায়া শিশু কানন কেজি স্কুলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই উপহার বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ লন্ডন ফাউন্ডেশনের সমন্বয়ক মো. আলফাজ উদ্দিন, জাবের আহমেদ শাহিন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলিউর রহমান, পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান আহমেদ এবং পৌর ছাত্রদল ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ফারদিন আহমেদ পিয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎বক্তারা সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহিন আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক সাজন মিয়াসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সাউথ লন্ডন ফাউন্ডেশন গত চার বছর ধরে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‎সংগঠনটি দরিদ্র রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের সেলাই মেশিন বিতরণ এবং ঈদসহ বিভিন্ন উৎসবে চাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদানসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


“রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারির
শুভমুক্তি উৎসব হয়ে গেলো রাজধানী ঢাকায়


‎ঢাকায় অনুষ্ঠিত হলো “মিউজিক্যাল জার্নি শ্রীমঙ্গল, মৌলভীবাজার” শীর্ষক “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারির শুভমুক্তি উৎসব।

বিগত বৃহস্পতিবার, ২১ মে, ঢাকাস্থ বনানী ক্লাবে শুভমুক্তি উপলক্ষে অনুষ্ঠিত জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের মন্ত্রীসহ তিনজন এমপি, ডকুমেন্টারির সাথে সংশ্লিষ্ট সকল কলাকুশলী ও  বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী এমপি।

শুভমুক্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীমঙ্গল শুধু চায়ের শহর নয়, এটি বাংলাদেশের অন্যতম পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়-টিলা, চা-বাগান, সংস্কৃতি ও মানুষের জীবনধারা দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে। এসব সৌন্দর্য ও ঐতিহ্যকে বিশ্বের সামনে আরও সুন্দরভাবে তুলে ধরতেই “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারির উদ্যোগ নেওয়া হয়েছে।

‎ডকুমেন্টারির সঙ্গে সংযোজিত হয়েছে একটি বিশেষ সংগীত, যেখানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর ও রুবায়েত জাহান। গানের কথা ও সুর করেছেন কায়েস আজিজ এবং এটি পরিচালনা করেছেন সৈকত রেজা। সংগীত ও ডকুমেন্টারিটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।

‎বক্তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ দেশের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন প্রজন্ম শ্রীমঙ্গলের ইতিহাস, প্রকৃতি ও সংস্কৃতি সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ পাবে।

‎অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারিটি শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের সৌন্দর্য, ঐতিহ্য এবং জীবনধারাকে দেশ-বিদেশের দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরবে এবং পর্যটন বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT