1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। - মুক্তকথা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য

গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

প্রনীত রঞ্জন দেবনাথ।
  • প্রকাশকাল : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ পড়া হয়েছে

কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে
কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং গুণীজনদের সংবর্ধনা এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার দুপুরে বিদ্যালয় হলরুমে বেগম নুরজাহান মেমোরিয়াল ট্রাস্ট ও লায়ন ইঞ্জিনিয়ার বশির উদ্দীন আহমেদের সৌজন্যে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সহকারী অধ্যাপক আব্দুল মুমিত চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক ফরিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মানবকল্যাণ সোসাইটির সিনিয়র সহসভাপতি ও লন্ডন প্রবাসী আব্দুল মামুন চৌধুরী লিটন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেগম নুরজাহান মেমোরিয়াল ট্রাস্টের সমন্বয়ক আব্দুল হক চৌধুরী সায়েস্তা। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ব্যবসায়ী স্বপন দেবনাথ, আব্দুল আহাদ, জাহাঙ্গীর সাজু প্রমুখ।

অনুষ্ঠানে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষা, সাংবাদিকতা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নীহারেন্দু ভট্টাচার্য্য, সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পিন্টু দেবনাথ এবং কবি আব্দুল হাই ইদ্রিসীকে বিশেষ সংবর্ধনায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ও বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “আজকের এই সংবর্ধনা কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনে প্রবল উৎসাহ জোগাবে। শুধু ভালো ফলাফল করলেই চলবে না, দেশ ও দশের কল্যাণে নিজেদের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি গুণীজনদের সম্মান জানানোর এই সংস্কৃতি নতুন প্রজন্মকে সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে গভীরভাবে অনুপ্রাণিত করবে।”

পরে সংবর্ধিত অতিথিবৃন্দ ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


 

পারিবারিক কলহের কারণে 
যুবকের আত্মহত্যা!


মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে উপজেলার আলীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুলতলী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শফিকুর রহমান ওই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে পরিবারের সদস্যদের অগোচরে শফিকুর রহমান নিজ বসতঘরের উত্তর পাশের শয়নকক্ষে তীরের বাঁশের সঙ্গে গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি কমলগঞ্জ থানায় খবর দেন।

খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই  সুবির বিক্রমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি কমর উদ্দিন বলেন  ময়নাতদন্তের জন্য মরদেহ  মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


 

নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর
টমটম চালকের মরদেহ উদ্ধার


মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর প্রীতম এরিক(পিতু) নামে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ভানুগাছ রেলওয়ে ব্রিজসংলগ্ন ধলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় কয়েকজন জেলে পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত প্রীতম এরিক (৪৫) কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার প্রয়াত টমাস এরিকের ছেলে। ৩ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ব্যাটারিচালিত টমটমের চালক প্রীতম এরিক ২ সন্তানের জনক। মর্মান্তিক এ দুর্ঘটনার পর এলাকায় সর্ব মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় টমটম নিয়ন্ত্রণ হারিয়ে ধলাই নদীতে পড়ে যায়। এ সময় টমটমের চালক প্রীতম এরিক নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে নদী থেকে টমটমটি উদ্ধার করা হলেও চালকের সন্ধান পাওয়া যায়নি।

প্রায় ৩০ ঘণ্টা পর সোমবার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘নিখোঁজ চালককে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ডুবুরি দল অভিযান চালিয়েছে। তবে তখন তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার দুপুরে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এখন মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি পরিবারের কাছে হস্তান্ত করা হবে। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে।’


আসামীরা জামিনে মুক্ত;
মামলা আপোষের প্রস্তাব;
বাদীর পরিবারকে হুমকি-ধামকি


জমি সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুল শিক্ষিকা ও আইন বিভাগের শিক্ষার্থী রোজিনা বেগম (৩২) কে প্রকাশ্য নৃশংসভাবে কূপিয়ে হত্যার এক বছর পর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এই হত্যা মামলার প্রধান আসামী রেজাউল করিম সাগরসহ সকল আসামীরাই জামিনে মুক্ত রয়েছেন।

আসামীরা জামিনে মুক্ত হওয়ার পর বাদী পক্ষকে হুমকি ধামকি এবং মামলা আপোষ করারও প্রস্তাব পাঠাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ফলে আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার ন্যায়বিচার দাবি করছেন ভুক্তভোগী পরিবার সদস্যরা।

গত বছরের ২৬ মে উপজেলার ভাষানীগাঁও গ্রামে নৃশংসভাবে রোজিনা বেগমকে কূপিয়ে হত্যা এবং আরও তিনজনকে আহত করা হয়। ঘটনার রাতে নিহত স্কুল শিক্ষিকার ভাই বাদী হয়ে ৬ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোজিনা বেগম শুধু স্কুল শিক্ষিকাই নয়, সিলেট আইন মহা বিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর পর প্রথম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণের ফলাফল বের হয়। এছাড়াও নারী উদ্যোক্তা ও পরিবারের একজন চালক ছিলেন তিনি। মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামের নবদূত পাঠশালা’র (কেজি স্কুল) প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও গ্রামের প্রয়াত নিজাম উদ্দীনের কনিষ্ট কন্যা রোজিনা বেগম। এলাকায় তাঁহার ব্যাপক পরিচিতি এবং মানুষের সুখে-দু:খে পাশে দাঁড়াতেন। নিহত রোজিনার ১২ বছর বয়সী এক ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘটনার দিন সকালে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কাটছিলেন স্থানীয় আব্দুর রহিম। খবর পেয়ে নিহত রোজিনার বোনজামাই জালাল মিয়া প্রতিপক্ষকে আপত্তিকৃত জমিতে মাটি কাটায় বাঁধা দেন। এসময়ে প্রতিপক্ষ দা দিয়ে জালাল আহমেদের হাতে পায়ে কূপিয়ে গুরুতর জখম করে। পরে জালাল আহমদকে রক্ষায় হারুন মিয়া, ছোট বোন শিক্ষিকা রোজিনা বেগম দৌঁড়ে ঘটনাস্থলে যান। এসময় রেজাউল করিম সাগর ও তার বাবা আব্দুর রহিম ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রোজিনা মাটিতে লুটিয়ে পড়েন। আব্দুর রহিম ও তার ছেলে রেজাউল আহমেদ সাগর ও তাদের সহযোগি মনির মিয়া, আজিবুর রহমানরা পূর্ব প্রস্তুতি অনুযায়ী দা ও বল্লম দিয়ে ঘটনাস্থলে আসা প্রতিপক্ষের সবাইকে এলোপাতাড়ি কূপিয়ে জখম করেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার পর থেকে আসামীরা পালিয়ে থাকলেও প্রধান আসামী রেজাউল করিম সাগর ব্যতিত অন্যান্য আসামীদের পুলিশ পর্যায়ক্রমে গ্রেফতার করে। এরপর জেলহাজত ছাড়াই উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নিয়ে আসে সাগর। পরে জামিনের মেয়াদ শেষ হওয়ার পর নি¤œআদালতে হাজির হলে আদালত সাগরকে জেলহাজতে প্রেরণ করেন। এর তিন মাস পর জামিনে বেরিয়ে আসে সাগর।

নিহত রোজিনা বেগমের বড় ভাই ও মামলার বাদি শাহজাহান আহমদ বলেন, আমার নিরীহ বোন রোজিনাকে প্রকাশ্যে নির্মমভাবে কূপিয়ে হত্যা করেছে রেজাউল করিম সাগর ও তার বাবা আব্দুর রহিম। অন্যান্য আসামীরা আমার ভাই ও বোনজামাইকে কূপিয়ে জখম করে। সকল আসামী জামিনে বেরিয়ে এসে আমাদের পরিবার সদস্যদের নানাভাবে হুমকি ধামকি প্রদান করছে। শুধু তাই নয় হত্যা মামলা আপোষের জন্য একের পর এক প্রস্তাবও পাঠাচ্ছে। এতে আমরা আতঙ্কবোধ করছি এবং নিরাপত্তার জন্য কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছি। তিনি আরও বলেন, আসামী পক্ষের নানা কৌশল, আইনি জটিলতার কারনে যাতে বিচারিক প্রক্রিয়া দীর্ঘায়িত না হয় এবং দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত হয় সেটিই কাম্য।

এব্যাপারে রোজিনা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপপরিদর্শক রনি তালুকদার বলেন, যথাযথ তদন্ত ও মেডিকেল রিপোর্টের ভিত্তিতে ইতিপূর্বে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। আশাকরি ন্যায়বিচার নিশ্চিত হবে।


একজন প্রবাসী আজীবনদাতা
হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি
দেখে গেলেন


মৌলভীবাজারের কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন করেন একাডেমির আজীবন দাতা সদস্য এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহীন। গত বুধবার (৫ আগস্ট) বিকেলে তিনি সরেজমিন গার্লস একাডেমির উন্নয়ন কাজ পরিদর্শন করে এক মতবিনিময় সভায় মিলিত হন।

পরে একাডেমির নির্মাণ কমিটির সভাপতি হাজী সুলেমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সমাজসেবক আমিনুর রহমান, ওমর মাহমুদ আনছারী, কবি জয়নাল আবেদীন, ফখরুদ্দীন চৌধুরী জায়েদ, আনোয়ার খান, রেজাউল আলম চৌধুরী, সাংবাদিক পিন্টু দেবনাথ, মাহিদুল ইসলাম, তানভীর আহমদ, দাতা পরিবারের সদস্য মশিউর রহমান চৌধুরী, ফাহিম রহমান, মিজানুর রহমান মিস্টার, সাচ্চু আহমেদ, আফরোজ আলী, সিপার আহমদ, আব্দুর রহমান, রাসেল আহমদ, জুবায়ের আহমদ, মুহিবুর রহমান, রুহুল খান, খালেদ খান, সুমন মিয়া প্রমুখ।

পরিদর্শনকালে অতিথিবৃন্দ একাডেমির চলমান নির্মাণকাজ ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা একাডেমির সফল বাস্তবায়ন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতেও এ মহৎ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT