| সাংবাদিককে সন্ত্রাসীদের মারধোর! ও মোটরসাইকেল ছিনতাই |
| মৌলভীবাজারের কমলগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক আকাশ আহমদ। দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। গত শুক্রবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার আদমপুর-কমলগঞ্জ সড়কের ঘোড়ামারা মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত আকাশ আহমদ দৈনিক দেশকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসাধীন আকাশ আহমদ জানান, আদমপুর বাজার থেকে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঘোড়ামারা এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় রাস্তা দিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা আসতে দেখে হামলাকারীরা দ্রুত তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে কমলগঞ্জ-আদমপুর সড়কে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চিকিৎসকরা জানিয়েছেন, আকাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং হামলায় তার ডান হাতের হাড় ভেঙে গেছে। |