মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাস চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় সাংবাদিকসহ আহত ৩০ জন। এ ঘটনায় প্রায় ২ ঘণ্টার বেশী সময় ধরে শ্রীমঙ্গল শহর এবং ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দূর্ভোগের শিকার হন দূরপাল্লাসহ সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার(১৯ মে) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত শ্রীমঙ্গলের চৌমুহনা, স্টেশন রোড ও পেট্রোল পাম্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা যায়, আজ সকালে হবিগঞ্জ রোডে এক সিএনজি চালকের সঙ্গে মাইক্রোবাস চালকদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে বিষয়টি কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, ওই ঘটনার পর মাইক্রোবাস চালকদের কয়েকজন সিএনজি স্ট্যান্ডে গিয়ে চালকদের হামলা ও মারধর করেন। এর প্রতিবাদে সিএনজি চালকরা শ্রীমঙ্গল চৌমুহনা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের ফলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহন চলাচল ব্যাহত হয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
একপর্যায়ে মাইক্রোবাস চালকরা সংগঠিত হয়ে স্টেশন রোড ও পেট্রোল পাম্প এলাকায় অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
সংঘর্ষ চলাকালে স্থানীয় সাংবাদিকদের উপরও হামলার ঘটনা ঘটে। এতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সাংবাদিক আমজাদ হোসেন বাচ্চু ও এহসানুল হকসহ আরও কয়েকজন সাংবাদিক আহত হন। পরে সহকর্মী সাংবাদিকরা আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন পরিবহন শ্রমিকও আহত হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না এবং ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মো, কামাল হোসেন, সহসভাপতি মো: শামীম আহমদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত সাংবাদিকদের খোঁজখবর নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূমি সেবা ও ভূমি মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কস্থ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। ইউএনও মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী ও আহবায় কমিটির সদস্য ইয়াকুব আলী এবং পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
![]() |
এর আগে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’ স্লোগানে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মেলা উপলক্ষে ভূমি অফিস প্রাঙ্গণে বিভিন্ন সেবা বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ভূমি সেবা প্রদান করা হচ্ছে। স্থানীয় জনগণের মাঝে ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও সহজে সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
শ্রীমঙ্গলকে নিয়ে কায়েস আজিজের পরিকল্পনায় নির্মিত মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ এ কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী বাংলাদেশের সংগীতশিল্পী রুবায়েত জাহান।
গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশেফ। শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে গানটির মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণ করেছেন সৈকত রেজা।
![]() |
গানটি প্রসঙ্গে গায়ক আসিফ আকবর বলেন, ‘দেশের গান নিয়ে আমার আলাদা এক ধরনের ভালো লাগা কাজ করে। কায়েস আজিজ ভাইয়ের নিজের এলাকা নিয়ে এমন একটি গান করার ভাবনাটি আমার ভীষণ ভালো লেগেছে। শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য এবং সত্যিকার অর্থেই এটি ‘রূপসী শ্রীমঙ্গল’, তা গানের মাধ্যমে সুন্দরভাবে ফুটে উঠেছে। রাজা কাশেফ একজন অসাধারণ কম্পোজার। রুবায়েত এর আগেও আমার সঙ্গে গান গেয়েছে, তবে এই গানটি সে আরো ভালো গেয়েছে।’
শ্রীমঙ্গলের কৃতি সন্তান কায়েস আজিজ বলেন, ‘আসিফ আকবর ভাই আমার জন্মস্থান শ্রীমঙ্গলকে নিয়ে আমার লেখা গান গেয়েছেন, এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। রাজা কাশেফ ভাই গানটির কম্পোজিশন এত সুন্দর করেছেন, একবার শুনলে শ্রোতাদের বারবার শুনতে ইচ্ছা করবে। রুবায়েত আপাকেও ধন্যবাদ, গানটিকে হৃদয়ে ধারণ করে গাওয়ার জন্য।’
তিনি বলেন, গানটি শীঘ্রই ধ্রুব মিউজিক স্টেশনের মাধ্যমে প্রকাশ পাবে। এ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘গানটি আমি ইতোমধ্যে কয়েকবার শুনেছি। শ্রীমঙ্গলকে নিয়ে এটি সত্যিই এক অনবদ্য সৃষ্টি।’
কায়েস আজিজ ২০১৬ সাল থেকে আর্থিক বিষয়ভিত্তিক নিউজ পোর্টাল আনআরবি ফাইন্যান্স ডটকমের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করায় হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোছাব্বির আল মাসুদ। তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তিগত জীবন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
রবিবার (১৭ মে) দুপুর ১২টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ গ্র্যান্ড তাজ হোটেলে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
![]() |
সংবাদ সম্মেলনে মোছাব্বির আল মাসুদ বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে কাজ করে আসছেন। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একটি চক্র তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি দাবি করেন। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
সংবাদ সম্মেলনে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং মাদকসেবীদের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।