|
হাইল হাওরে শিল্পায়ন নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি |
|
দেশের চলমান হাওর ও জলাভূমি সুরক্ষা আইন, ভূমি আইন, পরিবেশ আইনসহ এতদ বিষয়ে প্রণীত সকল আইন-বিধি উপেক্ষা করে এবং হাওর ও জলাভূমি উন্নয়নের মাস্টার প্ল্যান লঙ্ঘন করে প্রাণ আরএফএল কোং মৌলভীবাজার জেলার হাইল হাওরে শিল্পায়নের পরিকল্পনার অভিযোগে জেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বর বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে অংশগ্রহণ করেন হাওর রক্ষা আন্দোলনের পক্ষে সংগঠনের সভাপতি আ স ম সালেহ সোহেল, সাধারণ সম্পাদক এম. খছরু চৌধুরী, সংগঠনের উপদেষ্টা প্রফেসর মোঃ সেলিম ও উপদেষ্টা বকসী ইকবাল আহমদ, মোঃ কাওছার ইকবাল, এডভোকেট হাসান আহমদ, প্রভাষক আবুল হাসনাত, অর্থ সম্পাদক মোঃ আতাউর রহমান, নির্বাহী সদস্য মোঃ খায়রুল ইসলাম, সাংবাদিক মোঃ নজরুল ইসলাম মুহিব, সাংবাদিক আব্দুর রব, শাহীন ইকবাল, নুরুল ইসলাম, আব্দুস সোবহান চৌধুরী, মিন্নত আলী, ইংল্যান্ড প্রবাসী শিক্ষক মোস্তফা কামাল মিলনসহ হাইল হাওর এলাকার কৃষক মৎস্যজীগণ। বিভিন্ন কোম্পানি উন্নয়নের নামে ধ্বংস করছে হাওরের প্রাণ প্রকৃতি ও বাস্তুতন্ত্র। সম্প্রতি প্রাণ আরএফল কোম্পানির প্রাণহীন কার্যক্রম প্রতিরোধে হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার সরকারের উচ্চ পর্যায়ে প্রতিকারের আবেদন জানায়। এর প্রেক্ষিতে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক এই গণেেশুনানির আয়োজন করেন। প্রাণ আরএফএল কোম্পানির পক্ষে কোম্পানির জেনারেল ম্যানেজার মিজানুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখেন। সরকার পক্ষে অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের উপপরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা ডেপুটি কালেক্টর মোঃ রইছ আল রেজুয়ান, সদর ও শ্রীমঙ্গল উপজেলার এসি-ল্যান্ড প্রমুখ। দীর্ঘ আলোচনা শেষে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন ও ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য জেলা প্রশাসনের নেতৃত্বে উভয় পক্ষের ৫ জন করে প্রতিনিধি নিয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়। তদন্ত টিম আগামী ডিসেম্বর মাসে তাদের কার্যক্রম শুরু করার মৌখিক নির্দেশনা প্রদান করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। |
নাবালিকা অপহরণকারী গ্রেপ্তার, কিশোরী উদ্ধার
| মৌলভীবাজারে নাবালিকা অপহরণ মামলার প্রধান আসামি এমাদ মিয়া(২৬) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসএআরবি)-৯। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। বুধবার(১১ নভেম্বর) রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমোহনী রোডের আবিদ প্লাজায় অবস্থিত ‘আমার বাড়ী’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মৌলভীবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় জুড়ী উপজেলার হাফিজিয়া এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এসএআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মামলার পর আসামিদের গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধারে এসএআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় এসএআরবি-৯-এর সিপিআরসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প ও সদর কোম্পানি, সিলেটের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে। |
|
ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবের উপর হামলা শ্রীমঙ্গলে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। এ সময় হাসিবের সঙ্গে অটোরিকশায় এক তরুণীও উপস্থিত ছিলেন। এ ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্ত্রীকে সঙ্গে নিয়ে বালিশিরা রিসোর্ট থেকে টমটমযোগে মূল সড়কে উঠার আগ মুহূর্তে কয়েকজন যুবক হাসিবউল ইসলামের পথরোধ করে। একপর্যায়ে এক যুবক তাকে গালাগাল করে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করলে তিনি দৌড়ে সরে যান। এ সময় তার স্ত্রীও আতঙ্কিত হয়ে টমটম থেকে নেমে রিসোর্ট এর ভিতরে চলে যায়।
এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবসহ ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস। তার দাবি, হাবিবের নেতৃত্বে এ হামলার চেষ্টা চালানো হয়। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সঙ্গে থাকা ওই তরুণী তার স্ত্রী বলে নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস ও সিলেট বিভাগীয় ছাত্রশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী আবু লালা। এদিকে হামলাকারীর পরিচয় জানা গেছে বলে জানিয়েছে পুলিশ। তিনি হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বালিশিরা রিসোর্টের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তিন দিন আগে হাসিব ওই রিসোর্টে ওঠেন। সঙ্গে থাকা তরুণীকে নিজের স্ত্রী পরিচয় দিয়েছেন। আজ চেক আউট করে তিনি ও ওই তরুণী রিসোর্ট থেকে বের হয়ে অটোরিকশায় ওঠেন। কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তি চাপাতি নিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় হাসিব দৌড়ে আবার রিসোর্টে ফিরে আসেন। এ সময় দেখা যায় তার বাঁ হাতের অকেকটাই কেটে গেছে। আমরা ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধ করেছি। কিছুক্ষণ পর আবার অটোরিকশায় করে রেলস্টেশনে গেছেন তারা। পরে তারা কোথায় গেছেন, তা আমাদের জানা নেই। এ বিষয়ে জানতে হাসিব আল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘হামলার খবর পেয়ে ওই রিসোর্টে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আমরা জেনেছি হামলার পর হাসিব ওই রিসোর্ট থেকে চলে গেছেন। আমরা তার সঙ্গে কথার চেষ্টা করছি। প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় জানা গেছে। হামলাকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন।’ |
ভিডিও বার্তায় মৃত্যুর খবরকে বানোয়াট বললেন দানবীর রাগীব আলী
| সিলেটের বিশিষ্ট শিল্পপতি রাগীব আলী মারা গেছেন বলে ৯ নভেম্বর সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। তবে খবরকে গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর মৃত্যুর খবরের প্রতিবাদ জানিয়ে ১০ নভেম্বর মঙ্গলবার এক ভিডিও বার্তায় এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এতে রাগীব আলী বলেন, ‘গতকাল রাতে আমার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। মহান আল্লাহর মেহেরবানীতে এবং আপনাদের দোয়ায় আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি।’ এ সময় যাচাই-বাছাই ছাড়া তাঁর মৃত্যুর মতো সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি। এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে রাগীব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে তাঁর পরিবার ও সংশ্লিষ্ট সূত্রগুলো খবরটিকে মিথ্যা বলে নিশ্চিত করে। |
![]() |