চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে
কমলগঞ্জে গণবিক্ষোভ
জাতীয় সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা অবিলম্বে কার্যকর, শ্রম অধিদপ্তরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবিতে মৌলভীবাজারের মিরতিংগা চা বাগানে গণবিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে চা বাগানের শ্রমিক, ছাত্র-যুবক ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
মিরতিংগা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিকের সভাপতিত্বে এবং ইমরান নাজিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা জনক লাল দেশোয়ারা (জনি), শমশেরনগর চা বাগানের ছাত্রনেতা গোপাল যাদব, জগদীশ বাউরী, দেওরাছড়া চা বাগানের ছাত্রনেতা অনুরাগ কর্মকার রাজু, গিয়াসনগর চা বাগানের ছাত্রনেতা মুমিন আহমেদ এবং চা-ছাত্র যুব পরিষদ মনু-ধলই ভ্যালীর যুগ্ম আহ্বায়ক ও মিরতিংগা চা বাগানের শ্রমিক সন্তান মানিক প্রসাদ পাল।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি শ্রম অধিদপ্তরের অযাচিত ও অবৈধ হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে তা চা শিল্পের জন্যও ক্ষতিকর হবে। সমাবেশে বিভিন্ন চা বাগানের শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মৌলভীবাজারের কমলগঞ্জে ঘরে একা পেয়ে ১৭ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে লায়েস আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত লায়েস পেশায় একজন ট্রলি চালক এবং এলাকায় চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল এলাকার ‘শ্যামল ছায়া আবাসনের নিজ ঘর থেকে তাকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত লায়েস ওই গ্রামের মৃত আনিছ মিয়ার ছেলে।
![]() |
পুলিশ ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই দুপুরে যোগীবিল গ্রামে ভিকটিমের বসতঘরে এই শ্লীলতাহানির ঘটনা ঘটে। ভিকটিমের বড় ভাই রাজমিস্ত্রি খালেদ মিয়া (২৫) সকালে কাজের উদ্দেশ্যে বাইরে যান এবং তার মা কাজের সূত্রে ঢাকায় অবস্থান করছিলেন। ঘর ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত লায়েস ভেতরে প্রবেশ করে ভিকটিমের মুখ চেপে ধরে ধর্ষণের উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পোশাক খোলার চেষ্টা চালায়। এ সময় তরুণীর চিৎকারে স্থানীয় হাসিম মিয়া, নেওয়াজ মিয়া, নজরুল ইসলাম ও পারভীন বেগমসহ আশপাশের লোকজন ছুটে এলে লায়েস দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে পরামর্শ করে ভিকটিমের ভাই খালেদ মিয়া কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে এলাকাবাসী জানান, গ্রেপ্তারকৃত লায়েস আহমেদ একজন নিয়মিত মাদকাসক্ত। রাতের আঁধারে ও প্রকাশ্যে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের ব্রিজ এবং ঝোপঝাড়ে বসে গাঁজা ও ইয়াবা সেবন করত। তার এসব অপকর্মের কারণে স্থানীয় শিশু-কিশোর, শিক্ষার্থী ও সাধারণ এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। পেশায় ট্রলি চালক লায়েস প্রায়শই মাদক সেবন করে বেপরোয়া হয়ে উঠত এবং পথচারীদের পথ আটকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করত বলে স্থানীয়দের অভিযোগ।
অভিযোগের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব, এসআই রাজু এবং এসআই রনির নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার শ্যামল ছায়া আবাসন থেকে তাকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ফুলবাড়ি চা বাগান থেকে
১৭ ফুট লম্বা অজগর উদ্ধার।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান থেকে প্রায় ১৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন সাপ-সংরক্ষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের (সিসিএ) সংরক্ষণকর্মীরা। অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া অজগরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার পর সুস্থ হলে সেটিকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের ১৭ নম্বর সেকশন এলাকায় চা-পাতা সংগ্রহের সময় শ্রমিকদের নজরে আসে বিশাল আকৃতির অজগরটি। পরে বিষয়টি বাগান কর্তৃপক্ষের মাধ্যমে উদ্ধারকারী দলের কাছে জানানো হলে দ্রুত অভিযান চালিয়ে নিরাপদে সাপটি উদ্ধার করা হয়।
![]() |
সাপ-সংরক্ষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা জানান, সকালে ফুলবাড়ি চা বাগানের শ্রমিকরা পাতা চয়নের কাজ করছিলেন। এ সময় ১৭ নম্বর সেকশনে একটি বড় অজগর দেখতে পেয়ে তারা বাগানের ব্যবস্থাপককে বিষয়টি জানান। পরে ব্যবস্থাপক তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন। উদ্ধার শেষে অজগরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়।
চঞ্চল গোয়ালা আরও বলেন, অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীর অন্যতম। এটি সাধারণত মানুষের ওপর আক্রমণ করে না। তবে বনাঞ্চল সংকুচিত হওয়া, আবাসস্থল ধ্বংস এবং পরিবেশগত পরিবর্তনের কারণে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে অনেক সময় এসব প্রাণী লোকালয়ে চলে আসে।
ফুলবাড়ি চা বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমান আশিক মিয়া বলেন, ‘বন্যপ্রাণী আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। অজগরটি দেখতে পাওয়ার পর আমরা সেটির কোনো ক্ষতি না করে দ্রুত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করি। সবার সহযোগিতায় প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।’
লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, প্রায় ১৭ ফুট দীর্ঘ অজগরটি সফলভাবে উদ্ধার করা হয়েছে। অসুস্থ থাকায় এটিকে রেসকিউ সেন্টারে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে সুস্থ করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনরেঞ্জ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) কাঁঠালকান্দি বিওপি-এর যৌথ অভিযানে ২৬ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টায় আদমপুর ইউনিয়নের ডালুয়াছড়া এলাকায় যৌথ অভিযানে অবৈধভাবে মজুত রাখা সেগুন কাঠ উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।
![]() |
বন বিভাগ সূত্রে জানা যায়, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ আহরণ ও পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজকান্দি রেঞ্জ ও কাঁঠালকান্দি বিওপি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ২৬.০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। এসময় পাচারকারী কাউকে পাওয়া যায়নি।
রাজকান্দি বনরেঞ্জের সহকারি বন সংরক্ষক প্রীতম বড়ুয়া বলেন, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে কাঠ আহরণ ও পাচার বন্ধে আমাদের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। কাঁঠালকান্দি বিওপি-এর সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে ২৬.০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় একটি পিওআর মামলা করা রয়েছে। বনজ সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান আরও জোরদার করা হবে।
শমশেরনগর বাজারে পুলিশের অভিযান
পাইপগান উদ্ধার; মামলা দায়ের
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে পুলিশের বিশেষ অভিযানে একটি একনালা পাইপগান উদ্ধার হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ১১টায় শমশেরনগর বাজার থেকে পুলিশ পরিত্যক্ত পাইপগান উদ্ধার করে।
![]() |
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর বাজারের রাজমহলের সামনে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশের ইনচার্জের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি একনালা পাইপগান উদ্ধার করে এবং সেটি জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে শমশেরনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের শরিফ মিয়ার ছেলে শাহান মিয়া (২৩)-এর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে তিনি পলাতক রয়েছেন।
এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিও সনাক্ত করা হয়েছে। সে অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে গেছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।