1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রীমঙ্গলের শ্রীকথা... - মুক্তকথা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শ্রীমঙ্গলের শ্রীকথা…

, শ্রীমঙ্গল(মৌলভীবাজার) থেকে কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ০ পড়া হয়েছে

খাল খনন প্রকল্পে বদলাবে চার হাজার একর জমির চিত্র


শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মৌজায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বাজেট ধরা হয়েছে প্রায় ১ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৩৭ কোটি টাকা৷

আজ শুক্রবার(১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ভুনবীর ইউনিয়নের শাসন এলাকার জয়তীছড়ার পাশে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল, শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সদস্য এবং এলাকাবাসী।

এই প্রকল্পের আওতায় খাল খননের পাশাপাশি দুই পাড়ে বাধাই, বৃক্ষরোপণ এবং পানি নিষ্কাশনের জন্য আরসিসি রিং পাইপ স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল, আলিসারকুল, বাদেআলিশা, শাসন রাজপাড়া এবং পাত্রীকুল মৌজার প্রায় চার হাজার একর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জলাবদ্ধতার কারণে অনাবাদি থাকা এসব জমি পুনরায় কৃষিকাজে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর ফলে স্থানীয় কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এব্যাপারে জানতে চাইলে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ” আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই নীতির আলোকে দেশের কৃষককে স্বাবলম্বী করতে কৃষি কার্ড বিতরণসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করে চলেছেন। আমরাও স্থানীয়ভাবে এসব বিষয়কে প্রাধান্য দিয়ে অগ্রধীকার ভিত্তিতে বাস্তবায়ন করতে জোড়ালো ভূমিকা রাখায় সচেষ্ট রয়েছি। এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এসব বাস্তবায়ন সম্ভব নয়। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন পূর্ণ মেয়াদে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি।

 


মাদকাসক্তের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু


শ্রীমঙ্গলে মাদকাসক্ত ছোটভাইয়ের ছুরিকাঘাতে পিতার মৃত্যুর পর না ফেরার দেশে পাড়ি জমালেন বড়ভাই শহিদ। হৃদয়বিদারক এই ঘটনা উপজেলার কালাপুর ইউনিয়ন-এর গাজীপুর এলাকায়।

‎পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে ঘটনাস্থলে পিতা মৃত্যুবরণ করেন এবং গুরুতর আহত বড়ভাই যুবনেতা শহিদুর রহমান শহিদ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন।

‎গতকাল সোমবার দিবাগত রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎উল্লেখ্য, গত ১৫ এপ্রিল উপজেলার কালাপুর ইউনিয়ন-এর গাজীপুর এলাকায় পারিবারিক বিরোধের জেরে আকল মিয়ার মাদকাসক্ত ছোটছেলে মুশফিকুর রহমান ওরফে মসিকের ছুরিকাঘাতে গুরুতর আহত পিতা ঘটনাস্থলেই নিহত হন, এতে বাধা দিতে গেলে বড়ভাই শহিদকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয। ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

‎হত্যাকাণ্ডের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি বাগান থেকে ঘাতককে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়।


 

চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন চা বোর্ডের চেয়ারম্যান


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট-এর আয়োজনে চা স্বাদ নির্ণয় (টি টেস্টিং) ও মান নিয়ন্ত্রণ বিষয়ক ৬ দিনব্যাপী “টি টেস্টিং এন্ড কোয়ালিটি কনট্রোল প্রশিক্ষণ কোর্স ২০২৬ শুরু হয়েছে। সপ্তাহ  ব্যাপি অনুষ্ঠিতব্য কোর্সটির শুভ উদ্বোধন করেন চা বোর্ডের চেয়ারম্যান।

আাজ শনিবার(১৮ এপ্রিল) সকাল ১০ টায় পিডিইউ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ এসপিপি, এএফডব্লিউসি, এনডিপি, পিএসসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট-এর পরিচালক ড. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক এবং বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন-এর সিলেট শাখার চেয়ারম্যান জি এম শিবলী।

বিষয়ভিত্তিক প্রশিক্ষণে থাকবে প্রাক-মূল্যায়ন, উত্তর-মূল্যায়ন, কালো চায়ের অর্গানোলেপটিক চা আস্বাদন পদ্ধতি, অর্থোডক্স চায়ের অর্গানোলেপটিক চা আস্বাদন পদ্ধতি, সবুজ চায়ের অর্গানোলেপটিক চা আস্বাদন পদ্ধতি, সাদা চা, গোল্ডেন টিপস চা, সিলভার টিপস চা এবং উলং চায়ের অর্গানোলেপটিক চা আস্বাদন পদ্ধতি, আস্বাদন পরিভাষা, শুকনো পাতার রেটিং, ইনফিউজড পাতার শ্রেণীকরণ, লিকার গ্রেডিং, ষোলটি গুণগত বৈশিষ্ট্য, তৈরি চায়ের সাধারণ ত্রুটি, তৈরি চায়ের স্ট্যান্ডার্ড গ্রেড, চা বিপণন ব্যবস্থা, চা নিলাম ব্যবস্থা, চা আইন, ODTS দ্বারা নিয়মিত কাপের গুণমান মূল্যায়ন, ছাঁটাই, টিপিং, পাতা তোলা ইত্যাদির মতো কৃষি পদ্ধতির মাধ্যমে গুণমান নিয়ন্ত্রণ পাতা তোলার মান ও পাতা তোলার ব্যবধান, জাতের উন্নতির মাধ্যমে গুণমান নিয়ন্ত্রণ, উৎপাদনশীলতা ও গুণমানের উপর বিটিআরআই ক্লোনের ভূমিকা, মৃত্তিকা ব্যবস্থাপনার মাধ্যমে গুণমান নিয়ন্ত্রণ, সার প্রয়োগ, ভারী ধাতু মুক্ত, তেজস্ক্রিয় পদার্থ মুক্ত এবং মাইক্রোপ্লাস্টিক দূষণমুক্ত চা উৎপাদন কৌশল, রোগবালাই ব্যবস্থাপনার মাধ্যমে গুণমান নিয়ন্ত্রণ, পোকামাকড় ব্যবস্থাপনার মাধ্যমে গুণমান নিয়ন্ত্রণ। ভারী ধাতু মুক্ত, তেজস্ক্রিয় পদার্থ মুক্ত এবং মাইক্রোপ্লাস্টিক দূষণমুক্ত চা উৎপাদন, চা উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাছাই এবং প্যাকিং এর মাধ্যমে গুণমান নিয়ন্ত্রণ, ছায়া ব্যবস্থাপনার মাধ্যমে গুণমান নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ, কৃষিজাত জাত ব্যবহার, পাতা বিশ্লেষণের মাধ্যমে গুণমান নিয়ন্ত্রণ, ব্যালোমেট্রিক কাউন্ট পদ্ধতির মাধ্যমে ভালো পাতা এবং শক্ত পাতার শতাংশ গণনা, আর্টিজান চা, মূল্য সংযোজিত চা এবং বৈচিত্র্যময় চা পণ্য উৎপাদন। স্বল্প প্রক্রিয়াজাত চায়ের সুবিধাসমূহ, চা জৈব রসায়ন: চা জৈব রসায়ন, চা পরিসংখ্যান ও অর্থনীতি: উৎপাদন ব্যয় হ্রাস করার কৌশল, বিসিআর, ইটিএল এবং অর্থনৈতিক ক্ষতির স্তর ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ।

প্রশিক্ষণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৭০ জন অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা, পঞ্চগড় ও নরসিংদীসহ বিভিন্ন জেলার চা শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করছেন। এছাড়াও চা বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক, টি মার্চেন্ট, নৌবাহিনীর কর্মকর্তা এবং চা বোর্ডের কর্মকর্তারা রয়েছেন।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা চা স্বাদ নির্ণয়, গুণগত মান যাচাই এবং আধুনিক মান নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন। চা শিল্পের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি


মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর বিএনপির ওয়ার্ড কমিটির (আহবায়ক কমিটি) সদস্য মো. আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরণের পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটি। তার বিরুদ্ধে সাম্প্রতিককালে নানা অপকর্মের অভিযোগ উঠায় তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মিল্লাদ হোসেন মিরাশদার ও যুগ্ম আহবায়ক মো. রাশিদুল হাসান যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য মো. আলতাফুর রহমান নাজমুল হাসানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

জানা যায়, মো. আলতাফুর রহমান নাজমুল হাসান আশীদ্রোণ ইউনিয়নের চারটি গ্রামের সাধারণ মানুষের নামে একের পর এক মামলা দিয়ে হয়রানী, সরকারি বিভিন্ন অফিসে গিয়ে দলীয় পরিচয়ে দাপট দেখানোসহ সংবাদ প্রকাশের জন্য দৈনিক খোলা কাগজ পত্রিকার মৌলভীবাজারের স্টাফ রিপোর্টার মো. এহসানুল হকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের, ভুয়া স্কুল স্থাপন করে সরকারি পাঠ্যপুস্তক গ্রহণ করে তা ভাঙারির দোকানে বিক্রিসহ নানা কারনে পুরো উপজেলায় আলোচিত হয়ে ওঠেন।

এমনকি তার রোষানল থেকে রক্ষা পায়নি নিজ দলের নেতাকর্মীও। সম্প্রতি পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড কমিটির আহবায়ক আশরাফুল ইসলাম লিয়াকত, আশীদ্রোণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করেও মামলা দায়ের করে। এসব কারনে শ্রীমঙ্গলের সাংবাদিক সমাজ ও দলের নেতাকর্মীদের মাঝে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজমান। সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে ও আলতাফুর রহমানের শাস্তির দাবিতে গত ১৩ এপ্রিল শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর তিন দিনের মাথায় আলতাফুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো শ্রীমঙ্গল পৌর বিএনপি।

এদিকে বহু অপকর্মের হোতা, মামলাবাজ মো. আলতাফুর রহমানকে দলের সকল পদ থেকে অব্যাহতির খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তির নিঃশ্বাস বিরাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT