বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
বিজিবির অভিযানে ৮৩০ কোটি ৪৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করে সরাইল রিজিয়ন সদর দপ্তরের অধীনে সিলেট সেক্টর, শ্রীমঙ্গল সেক্টর, কুমিল্লা সেক্টর ও ময়মনসিংহ সেক্টর।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এ সব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
বিজিবি জানায়, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১০ আগস্ট সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ চারটি সেক্টরের ১৩ টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত এসব অভিযান পরিচালনা করা হয়। সরাইল রিজিয়নের আওতাধীন ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে ২১১টি বিওপির মাধ্যমে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে চারটি পিস্তল, ছয়টি এয়ার গান, পাঁচটি পাইপ গান ও একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়। এ ছাড়াও ৪০ রাউন্ড কার্তুজ, ১৮ দশমিক ৩৩ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার জব্দ করা হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, সিলেট অঞ্চলের কালাসাদেক, গুচ্ছগ্রাম, ধলাই ব্রিজ, পিয়াইন নদী, বাল্লাঘাট ও জাফলং ব্রিজ এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করেছে বিজিবি। এ সব অভিযানে ২ হাজার ১২১ ঘনফুট বালু ও ৭ হাজার ৪৬৫ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, ‘মাদক, অস্ত্র, মানবপাচারসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় সম্পদ রক্ষায় বিজিবি অঙ্গীকারবদ্ধ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুকে অব্যাহতির প্রতিবাদে
বিক্ষোভ সমাবেশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গল শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
’দলের একটি মহলের অন্যায্য ও কাউন্সিল ছাড়াই পকেট কমিটি গঠনের উদ্দেশ্যে এই অব্যাহতি দেওয়া হয়েছ’, এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা।
![]() |
১৭ আগস্ট সোমবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে দলের নেতাকর্মী ও সমর্থকরা পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে জেলা ও উপজেলা বিএনপি বরাবর স্মারকলিপি পেশ। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। রোডমার্চ করে রাজধানী ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি।
সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশিদ্রোন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাব উদ্দিন, বিএনপি নেতা আজির উদ্দিন, যুবদল নেতা আব্দুল কাদির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন আহমদ, শ্রমিক দল নেতা সোহেল আহমদসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দুঃসময়ে দলের পাশে থাকা ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে একটি কুচক্রী মহল পকেট কমিটি গঠনের অসৎ উদ্দেশ্যে একতরফা ও অগঠনতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে তাজ উদ্দিন তাজুকে স্বপদে বহাল করার জন্য তারা জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট রোববার রাতে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে তাজ উদ্দিন তাজুকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতির কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
ডাকাতির প্রস্তুতিকালে
দেশীয় অস্ত্রসহ আটক ৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
গত ১৮ আগস্ট, মঙ্গলবার, রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে শ্রীমঙ্গল থানার বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন গলিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকার রাসেল মিয়া(২৬), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কড়ানগর এলাকার সোহেল মিয়া(২৩), শ্রীমঙ্গলের পূর্বাশা এলাকার জুয়েল মিয়া(২৮) এবং শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন রোড এলাকার রাসেল আহমেদ(৩০)।
![]() |
রাতে একটি প্রাইভেটকারে করে ৪-৫ জন ব্যক্তি বিরাহিমপুরের জোড়াপুল সংলগ্ন একটি গলিতে এসে আরও কয়েকজন সহযোগীর সঙ্গে মিলিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে এসআই দীপংকর হালদারের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটির সামনে ব্যারিকেড দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইরে অবস্থানরত ৩-৪ জন সহযোগী পালিয়ে গেলেও গাড়ির ভেতরে থাকা চারজনকে আটক করা হয়।
আটকদের দেহ তল্লাশিতে একটি সুইস গিয়ার চাকু, একটি কাঠের হাতলযুক্ত ধারালো চাকু, একটি লোহার শাবল, একটি স্টার স্ক্রু-ড্রাইভার এবং একটি ফ্ল্যাট স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫ নম্বরের একটি কালো রঙের টয়োটা এলিয়ন প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা কলেজ রোড এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। তারা একটি আন্তঃজেলা ডাকাতচক্রের সক্রিয় সদস্য।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রাসেল মিয়ার বিরুদ্ধে পূর্বে চুরি ও ডাকাতিসহ ৫টি, জুয়েল মিয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও নারী-শিশু নির্যাতন আইনের ৫টি এবং সোহেল মিয়ার বিরুদ্ধে চুরির ১টি মামলা রয়েছে বলে সিডিএমএস যাচাই করে জানা যায়।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করেছে। পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।