1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জ সংবাদ - মুক্তকথা
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

কমলগঞ্জ সংবাদ

প্রনীত দেবনাথ
  • প্রকাশকাল : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১ পড়া হয়েছে

কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা
দুই উপজেলার তিন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি


আকস্মিক কালবৈশাখি ঝড়ের তান্ডবে মৌলভীবাজারের কমলগঞ্জ ও রাজনগর উপজেলার তিনটি ইউনিয়নে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। শতাধিক ঘর বিধ্বস্ত, ৬টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে শতাধিক স্থানে তার ছিড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়েছে। হাজারো গাছগাছালি ভেঙ্গে ও উপড়ে পড়েছে। গত বুধবার (৬ মে) রাত ৮টায় কালবৈশাখি ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়।

সরেজমিনে জানা যায়, কালবৈশাখি ঝড়ের তান্ডবে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ও মুন্সিবাজার ইউনিয়ন, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের উপর দিয়ে বয়ে যায়। ঝড়ে এসব ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় শতাধিক ঘর সম্পূর্ণ এবং আরো প্রায় দেড় শত ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। হাজারো গাছগাছালি উপড়ে পড়েছে। বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে ৬টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে এবং প্রায় দেড় শতাধিক স্থানে তার ছিড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়েছে। এসব এলাকায় বুধবার কালবৈশাখি ঝড়ের পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন।

পতনউষার ইউপি সদস্য তোয়াবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, কালবৈশাখি ঝড়ে বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের টিনের চালা উড়ে গেছে। অসংখ্য গাছগাছালি ভেঙ্গে ও উপড়ে পড়েছে। বিদ্যুৎ লাইনেরও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন গ্রাহকরা। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে বলে তিনি জানান।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ বলেন, কালবৈশাখি ঝড়ে মুন্সিবাজার ও পতনঊষার এলাকায় গাছগাছালি পড়ে ৬টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে। এছাড়া প্রায় দেড় শতাধিক স্থানে বিদ্যুৎ লাইন ছিড়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা মেরামতে বাড়তি লোক নিয়োগ করা হয়েছে।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, কালবৈশাখি ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়ে চেয়ারম্যানদের সাথে কথা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দেয়ার জন্য বলা হয়েছে।


কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন


“বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও স্যানিটারি ইন্সপেক্টর দুলাল আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক বাবর, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের সাফল্য ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় নির্ধারণ ও শিশু পুষ্টি, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ, মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবারসহ বিভিন্ন আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, বিভিন্ন পর্যায়ের স্বাস্থকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদার আর নেই;
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, বিশিষ্ট রাজনীতিবিদ, কমলগঞ্জ পৌরসভার রামপাশা নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদার (৮০) বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৩টা ৩০ মিনিটের সময় সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে রামপাশা শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে ওেবলা ৩.৩০ ঘটিকায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও কমলগঞ্জ থানার এসআই বিক্রমের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদারের মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শণ করেন। এ সময় কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা আব্দল মুনিম তরফদারের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান। পরে বিকাল সাড়ে ৩ টায় রামপাশাস্থ নিজ পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, কমলগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।


কমলগঞ্জের আদমপুর বনবিট;
বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা।


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের আদমপুর বনবিট এলাকায় বাপ দাদার আমল থেকে বসবাস করে আসছেন মহেব উল্লাসহ শতাধিক পরিবার। বনবিভাগের বিধি অনুযায়ী নিজ নিজ বাড়িতে শাক সবজি ও ফল ফসল চাষ করে জীবিকা নির্বাহ করেন তারা। সম্প্রতি মহেব উল্লা ও তার ছেলের লাগানো শখের কমলা বাগান ও আনারস বাগানের কমলা ও আনারস গাছ কেটে মহেব উল্লা(৭৫) ও তার পরিবারের সদস্যদের মারধর করেন স্থানীয় বনপ্রহরীরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সরজমিন ঘটনাস্থল কালেঞ্জি গ্রামে গিয়ে মহেব উল্লার ছেলে আলী হোসেন ও প্রতিবেশী ভিলেজারদের সাথে কথা বলে জানা যায়, মহেব উল্লা তাদের বাড়িতে ফল ফসল চাষাবাদের জন্য বিট কর্মকর্তাকে টাকা দিতে হয়। আনারস ও কমলা গাছ লাগানোর সময় তিনি মোটা অংকের টাকা নিয়েছেন। গত বুধবার (২২ এপ্রিল) আরও টাকা দাবি করলে ভিলেজার মহেব উল্লার ছেলে আলী হোসেন অপারগতা প্রকাশ করেন। পরে বুধবার দুপুরে বিট কর্মকর্তার নির্দেশে বন প্রহরী শাহ আলম ও শাহীন আহমেদ জোর করে বেশ কয়েকটি কমলা গাছ ও আনারস গাছ কেটে ফেলেন। এ সময় বাধা দিতে গেলে মহেব উল্লা ও তার স্ত্রী আলেকজান বিবিকে মারধর করেন তারা। এ ঘটনায় আহত হন আলী হোসেনের স্ত্রী সালমা বেগম (৩০) ও তার মা-বাবা। তবে আহত অবস্থায় তার মা আলেকজান বিবি (৬০) ও বাবা মহেব উল্লা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ভিলেজাররা জানান, আদমপুর বন বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদার আদমপুর বিটে যোগদান করার পর থেকে ভিলেজার ও এলাকাবাসীকে নানা ভাবে হয়রানি করছেন।

এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে আদমপুর বন বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদারের মোবাইলে বার বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT