1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কেমন আছে কমলগঞ্জ... - মুক্তকথা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

কেমন আছে কমলগঞ্জ…

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ০ পড়া হয়েছে

রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী


​সিলেট-জাফলং রেলসড়ক নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সিলেট সফর কালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানম মন্ত্রী আরিফুল হক চৌধুরী৷
শনিবার(০১ আগস্ট) সকাল ১১টার দিকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে স্টেশনটি পরিদর্শন করা হয়।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
পরে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে ট্রেনটি কিছু সময় দাঁড়ালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সফররত উচ্চপদস্থ কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে রেলওয়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় ভানুগাছ রেলওয়ে স্টেশনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, যাত্রাপথে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পর থেকে সিলেট পর্যন্ত সকল স্টেশন এবং রেললাইনের সমস্যা সরেজমিন পরিদর্শন করা হবে বলে জানা যায়।

আক্রমণ করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগ
সংবাদ সম্মেলনে স্বামী আব্দুল কাদের


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বিবাহিত স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার সময় বাঁধা দিলে শ্বশুর বাড়ির লোকজন হামলা করে নগদ অর্থসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল কাদির (২২) নামে এক যুবক।

সোমবার রাত ৮ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আব্দুল কাদির তার বক্তব্যে জানান, প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালে মৌলভীবাজার আদালতের নোটারি পাবলিকের মাধ্যমে একই গ্রামের তানজিনা রহমান সাদিয়াকে বিয়ে করেন। তবে মেয়ের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় প্রায় ২ মাস আগে তার স্ত্রী স্বেচ্ছায় তার বাড়িতে চলে আসেন। এরপর থেকেই অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি।

গত সোমবার (১৩ জুলাই) দুপুরে আব্দুল কাদির স্ত্রী ও স্বজনদের নিয়ে সিএনজিযোগে একটি দাওয়াতে যোগ দিতে যাওয়ার পথে নারায়ণপুর এলাকায় অভিযুক্তরা মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্র নিয়ে সিএনজির গতিরোধ করে কোন কিছু বুঝার আগেই আকস্মিক হামলা চালায়। এতে বর আব্দুল কাদিরসহ ৫ জন আহত হন। হামলার সময় এক নারীর গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে আব্দুল কাদিরের স্ত্রী তানজিনা রহমান সাদিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এ বিষয়ে অভিযুক্ত মেয়ের চাচা খোকন মিয়ার বক্তব্য নিতে তার মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। বাফওয়া উপ আঞ্চলিক শাখা, শমশেরনগর এর আয়োজনে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেড় শতাধিক মানুষের মধ্যে প্যাকেটজাত খাবার (চাল, ডাল, তেল, লবণ, আলু) এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রানের প্যাকেট তুলে দেন বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা। এসময় উপস্থিত ছিলেন স্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খাইরুল ইসলাম, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমেদ খান, সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা বেগম, ২নং ওয়ার্ড সদস্য ইব্রাহীম আলী, ৩নং ওয়ার্ড সদস্য রিপন ইসলাম ময়নুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় পতনঊষার ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকার ১ ও ২নং ওয়ার্ডের দেড় শতাধিক বন্যাপিড়ীত পরিবারের মাঝে প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা বলেন, আজ বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতির সভানেত্রীর সৌজন্যে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। একই সাথে মেডিকেল ক্যাম্প করা হবে। তিনি আরো বলেন, দেশের বন্যাকবলিত এলাকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই প্রাকৃতিক দুর্যোগের কঠিন সময়ে বাংলাদেশ বিমান বাহিনী বরাবরের মতোই দেশের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের নির্দেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাকবলিত এলাকায় আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।


সাম্প্রতিক বন্যা ও কমলগঞ্জের ক্ষয়ক্ষতি


হয়েছে আউশক্ষেত ও শাকসবজি ক্ষতিগ্রস্ত

একই সাথে ১৫ হাজার মানুষ হয় চরম ক্ষতিগ্রস্ত


সাম্প্রতিক ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে কমলগঞ্জের মখাবিল এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। উল্লেখ্য, ভারতীয় বিএসএফ’র বাঁধার কারনে মখাবিলে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙনে প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছিল। বিভিন্ন স্থানে রাস্তাঘাট তলিয়ে গিয়েছিল এবং সড়কের কালভার্ট ভেঙ্গে পড়ে। বন্যার পানিতে রোপিত আউশক্ষেত ও শাকসবজি’র ক্ষতিগ্রস্ত হয় ব্যাপকভাবে।

জানা যায়, ঐ সময় অব্যাহত বর্ষনের কারনে ভারতীয় পাহাড়ি ঢল নেমে কমলগঞ্জের নদী, ছড়া খাল-বিল উপচে পানি বেরিয়ে আসে। উজানের প্রবল বৃষ্টিপাতে ধলাই নদীর ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকায় প্রথম নদী ভাঙন দেখা দেয়। নদী ভাঙনের ফলে ইসলামপুর, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের মখাবিল, গোলের হাওর, ভান্ডারিগাঁও, গঙ্গানগর, কোনাগাঁও, বেরিগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালায়েরবিল, আধকানী, ছনগাঁও, বন্দের গাঁও, তেঁতইগাও, ভানুবিল ঘোরামারা গ্রাম প্লাবিত হয়। এর ফলে প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতীয় বিএসএফ’র বাঁধার কারনে মখাবিল এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। ফলে নদী ভরাট হলেই মখাবিল এলাকায় বাঁধ ভেঙ্গে বন্যার সৃষ্টি হয়। স্বাভাবিক নিয়েমেই বন্যার এই পানি নিম্নাঞ্চলের দিকে গিয়ে শমশেরনগর, পতনউষার ও মুন্সিবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পেয়ে নতুন করে বন্যার সৃষ্টি করেছিল। এ বন্যায় কৃষকদের রোপিত আউশক্ষেত এবং সবজি ক্ষেত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে বর্ষনের কারণে পাহাড়ি ঢল নেমে কমলগঞ্জ থেকে মাধবপুর হয়ে শ্রীমঙ্গলে যাতায়াতের সড়কে নুরজাহান চা বাগানের গোয়াবাড়ি নামকস্থানে একটি কালভার্ট ধ্বসে পড়ে। এছাড়া আদমপুর-ইসলামপুর সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় মারত্মক বিঘ্ন ঘটে।


কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্ত হলো

শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব


মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও যথাযোগ্য মর্যাদায় কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি ও ইসকন মন্দিরের ৯ দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিগত ২৪ জুলাই বিকাল সোয়া ৫টায় কেন্দ্রীয় দুর্গাবাড়ী ও ইসকন মন্দির থেকে পৃথক পৃথকভাবে শত শত নারী-পুরুষ ও শিশু ভক্তদের সমন্বয়ে দুটি বিশাল উল্টা রথ যাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্ব স্ব মন্দিরে গিয়ে সমাপ্তি ঘটে।

উল্টো রথযাত্রা শুরুর প্রারম্ভে বিকাল ৫টায় কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে সংক্ষিপ্ত আলোচনা সভায় সুমন দে এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি প্রমেশ পাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, রথযাত্রা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভূষন রায়, লোকনাথ সেবা সংঘের সভাপতি অর্জুন দেব, সাধারণ সম্পাদক অলক দেব প্রমুখ।

এইদিন নানা মাঙ্গলিক আনুষ্ঠানিকতা ও ভক্তদের অংশগ্রহণে উল্টো রথটানা হয়। উৎসবে ধর্মীয় মঙ্গল আরতি, দর্শন আরতি ও অগ্নিহোত্রী যজ্ঞ পাঠ ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ভাগবত আলোচনা ও ধর্মীয় সভা শেষে হরিনাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়।

পুরীর রথযাত্রা গুন্ডিচা যাত্রা নামে পরিচিত। এইদিন রথে জগন্নাথদেব তাঁর মাসির বাড়িতে যান। ৮ দিন ধরে বলরাম ও সুভদ্রাকে নিয়ে সেখানেই থাকেন। এরপর দশমী তিথিতে ৯ দিনের মাথায় গুন্ডিচা মন্দির থেকে বাড়ি ফেরেন। নন্দীঘোষ রথে চড়েন জগন্নাথ, বলরাম চড়েন তালধ্বজে, সুভদ্রা দর্পদলন রথে চড়ে এই যাত্রা সম্পন্ন করেন। উল্টো পথে রথ আসায় এই যাত্রা উল্টো রথযাত্রা নামে পরিচিত।


শোক সংবাদ

॥ শামসুন্নাহার বেগম ॥


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মরহুম আব্দুছ সবুরের স্ত্রী ও কমলগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য, দৈনিক আমাদের সময় পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি শাব্বির এলাহীর মাতা শামসুন্নাহার বেগম (৮১) মঙ্গলবার (২১ জুলাই) আদমপুর ইউনিয়নের উত্তরভাগস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি প্রাক্তন সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াসের ছোট বোন ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরীর ফুফু। মঙ্গলবার রাত ৯টায় উত্তরভাগ শাহী ঈদগাহ মাঠে মরহুমার জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
শামসুন্নাহার বেগম এর মৃত্যুতে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাব, কমলগঞ্জ সাংবাদিক সমিটি, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, সুজন, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT